টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে অসন্তোষের জেরে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকেই বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। কয়েক ঘণ্টা অবরোধের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিলে ভিসি চত্বর এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
বিকেলের দিকে আবারও সায়েন্স ল্যাব মোড়ে ফিরে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্র ও শিক্ষা-সামগ্রী বৃষ্টিতে নষ্ট হয়েছে। পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অস্বাভাবিক কঠিন প্রশ্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
একাধিক শিক্ষার্থী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। কেউ কেউ জানিয়েছেন, পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার পরও আন্দোলন অব্যাহত থাকবে।
শুধু রাজধানী নয়, উত্তরা এলাকায় শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই ধরনের কর্মসূচি পালিত হয় বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কেও।
বগুড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণ দাবি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কুমিল্লায় ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন। পরে তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ময়মনসিংহেও শিক্ষার্থীরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
রাজধানীর সায়েন্স ল্যাবের কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের অন্যতম অভিযোগ, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল এবং প্রশ্নের মান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সমপর্যায়ের হওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে উত্তর শেষ করতে পারেননি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কোথাও কোথাও সড়ক থেকে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রের ত্রুটি এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে তাদের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
Reporter Name 








