এইচএসসি আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে’
এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এবং নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত পরীক্ষার্থী নেই। তাঁর ভাষ্য, পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং প্রকৃত পরীক্ষার্থীরা সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট। ফলে বিষয়টির সমাধান হয়েছে বলেই তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বর্তমান আন্দোলনকে সরকার বড় ধরনের সংকট হিসেবে দেখছে না। কারণ, এতে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত বলে সরকারের মূল্যায়ন।
সালাহউদ্দিন আহমদের মতে, অতীতে সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিতের দাবি কিংবা পরীক্ষা ছাড়াই পাসের মতো একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার মান রক্ষায় গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম একটি প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অটো পাস, অতিরিক্ত নম্বর এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Reporter Name 








