ঢাকা নেশন ডেস্ক: রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। অপর আসামি সরদার মোশাররফ হোসেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা।
এর আগে, চলতি বছরের ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তরের নির্দেশ দেন। একই মামলায় গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে আদালত টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট সংক্রান্ত জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।
Reporter Name 









