স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে অন্যতম শক্তিশালী দল স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। ম্যাচের আগে প্রতিপক্ষের শক্তিমত্তা স্বীকার করলেও কোনো ধরনের ভয় কাজ করছে না বলে জানিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে।
মঙ্গলবারের গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কোনাতে বলেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, ভয় নিয়ে মাঠে নামলে সফল হওয়া সম্ভব নয়। বরং পরিকল্পনা অনুযায়ী নিজেদের সেরাটা খেলাই তাদের মূল লক্ষ্য।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। পুরো আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। শক্তিশালী রক্ষণ, ধারাবাহিক পারফরম্যান্স এবং আক্রমণভাগের কার্যকারিতা তাদের অন্যতম ফেবারিটে পরিণত করেছে।
সাম্প্রতিক দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে স্পেনের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স। তবে সেই ফলাফলকে সামনে এনে প্রতিশোধের মানসিকতায় খেলতে চায় না দিদিয়ের দেশমের দল।
কোনাতে বলেন, স্পেনের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন। তাই শুধু লামিনে ইয়ামালকে ঘিরে পরিকল্পনা নয়, পুরো দলকে মাথায় রেখেই কৌশল সাজানো হচ্ছে।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। শেষ সাতটি বিশ্বকাপের চারটিতেই ফাইনাল খেলেছে তারা।
তবে অতীতের সাফল্য নিয়ে আত্মতুষ্ট হতে রাজি নন কোনাতে। তার মতে, প্রতিটি ম্যাচ নতুন চ্যালেঞ্জ এবং বিনয় ধরে রেখেই এগোতে হবে।
অন্যদিকে ফরাসি ডিফেন্ডার ম্যাকসেন্স লাক্রোয়া জানিয়েছেন, স্পেনকে যথেষ্ট সম্মান করলেও তাদের হারানো সম্ভব। তিনি বলেন, চলতি বিশ্বকাপে স্পেন ধারাবাহিকভাবে ভালো খেলছে। তবুও ফ্রান্স নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছে।
বিশেষ করে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান লাক্রোয়া। তার বিশ্বাস, শৃঙ্খলাবদ্ধ রক্ষণই হতে পারে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র।
Ummey Tabassum 









