জাতীয় ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা প্রযোজ্য, সেটিই গ্রহণ করা হবে। আত্মসমর্পণ করলে তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন মামলার আসামি। তার দাবি, বিদেশে অবস্থান করে দেওয়া বিভিন্ন বক্তব্য মূলত আওয়ামী লীগের পলাতক বা আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উৎসাহিত করার উদ্দেশ্যেই দেওয়া হচ্ছে। এসব বক্তব্য সরকারের আইনি অবস্থান বা চলমান প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যর্পণ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদেশে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন আসামি কোথায় বা কীভাবে আত্মসমর্পণ করবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, বাংলাদেশের আইন অনুযায়ী একই ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হওয়া। আত্মসমর্পণের স্থান বা পদ্ধতি সরকারের বিবেচ্য বিষয় নয়।
বিদেশে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সরকারের সিদ্ধান্ত বা বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। তার ভাষ্য, আদালতের রায় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী যে প্রক্রিয়া চলছে, সেটি আগের মতোই অব্যাহত থাকবে এবং এ কারণে নতুন কোনো আইনি পদক্ষেপের প্রয়োজন নেই।
Mahmudul Hasan 









