বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ‘মেমো’ ওচোয়া। বিদায়ের এই ম্যাচে মাঠে নেমেই তিনি গড়েছেন ছটি বিশ্বকাপে খেলার এক অনন্য ও ঐতিহাসিক কীর্তি।
ম্যাচটি শুরুর আগেই এই মেক্সিকান তারকা নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন-চলতি আসর শেষেই তুলে রাখবেন নিজের আন্তর্জাতিক বুট জোড়া। তবে বিদায়বেলার এই ম্যাচটিকেই তিনি রূপ দিলেন রেকর্ডের পাতায়। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নেমে মেক্সিকোর ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ওচোয়া।
ম্যাচের ৭৭ মিনিটে যখন ওচোয়া বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তখন তাঁর বয়স ছিল ৪০ বছর ৩৪৬ দিন। আর এই ম্যাচটির মাধ্যমেই তিনি মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার গৌরব অর্জন করেন।
এর আগে এই রেকর্ডটি ছিল আরেক মেক্সিকান কিংবদন্তি রাফা মার্কেসের দখলে। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৩৯ বছর ১৩৯ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন মার্কেস। এবার সেই রেকর্ড ভেঙে মেক্সিকোর ফুটবল ইতিহাসে নিজের নাম অমর করে রাখলেন ওচোয়া। বিদায়ের মুহূর্তে ছটি বিশ্বকাপে খেলার অবিশ্বাস্য এই কৃতিত্ব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ করল এক অনন্য পালক।
Reporter Name 











