ঢাকা নেশন ডেস্ক: দেশের ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থের প্রবাহ বাড়াতে এবং ব্যাংকের বাইরে থাকা অর্থ ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
মাহবুব উদ্দিন খোকনের দাবি, ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই এখন নগদ অর্থ বাসায় সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচার বা অবৈধভাবে সম্পদ অর্জনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে রয়েছে।
তিনি বলেন, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিল করে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে যেসব অর্থের হিসাব আয়কর নথিতে নেই, সেগুলো নির্ধারিত কর পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ সৃষ্টি হতে পারে। তাঁর মতে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, বাজেট ঘাটতি কমবে এবং ব্যাংকিং খাতে তারল্যও বৃদ্ধি পাবে।
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি ব্যাংক রয়েছে। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনার পাশাপাশি ব্যাংক খাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় তিনি অর্থ পাচারকে দেশের অন্যতম বড় অর্থনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, শুধু কঠোর আইন করলেই হবে না, এমন একটি আর্থিক পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগে আগ্রহী হয় এবং বিদেশে অর্থ পাচারের প্রবণতা কমে।
তিনি আরও বলেন, নতুন সরকারের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বড় চ্যালেঞ্জ। বিপুলসংখ্যক বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে দীর্ঘমেয়াদে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাজেট প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রস্তাবিত বাজেট ঘাটতির হলেও এটি অস্বাভাবিক নয়। বিশ্বের অনেক দেশেই ঘাটতির বাজেট দেওয়া হয় এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটি নতুন কোনো বিষয় নয়।
Reporter Name 












