দীর্ঘ চার দশকের সংসদীয় ক্যারিয়ারে বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে স্পিকারের আসন থেকে তিনি এ মন্তব্য করেন।
নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন:
“৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।”
অধিবেশনে বাজেট নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন স্পিকার। তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা প্রায় এক ঘণ্টা বক্তব্য দিয়ে দেশের বিদ্যমান বিভিন্ন সংকট ও বাজেটের নানা দিক অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন।
স্পিকারের দায়িত্বে থাকায় নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই চেয়ারে বসার কারণে আমার জন্মভূমি ও নির্বাচনি এলাকা ভোলার সমস্যাগুলো নিজে এখানে বলতে পারি না।” তবে বিরোধীদলীয় নেতা সেই সমস্যাগুলো জাতির সামনে নিয়ে আসায় তাঁকে ধন্যবাদ জানান স্পিকার। একই সাথে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
Reporter Name 













