যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অত্যন্ত বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্রাম্পকে ধুয়ে দিয়ে দূতাবাস লিখেছে, “মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়।”
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান চলাকালীন তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে একসঙ্গে হত্যা করতে পারতেন। তবে ট্রাম্পের দাবি—ভবিষ্যতে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে ভেবেই তিনি তখন এমনটি করা থেকে বিরত থাকেন।
একই সঙ্গে ইরানি জনগণের শোক প্রকাশ নিয়েও বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাঁর ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু জানাজায় লাখো মানুষের ঢল তাঁর সেই ধারণার বিপরীত চিত্র দেখিয়েছে। ট্রাম্পের এমন দাম্ভিক উক্তির জবাবে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করে পোস্ট দেয়। তারা লিখেছে—
“মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন (আঘাত করেছেন), কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি কোনোদিনই বুঝবেন না; কারণ আপনার নেই কোনো সভ্যতা, নেই ইতিহাস, আর নেই কোনো সম্মান।”
উল্লেখ্য, ইরানের প্রয়াত শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে দেশটিতে সপ্তাহব্যাপী (৩-৯ জুলাই) রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছে। এই শোকাবহ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথি, কূটনৈতিক প্রতিনিধি এবং ইরান সরকার ও দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ঠিক এই সময়ই ট্রাম্পের এমন মন্তব্য ও ইরানের পাল্টা জবাবে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নতুন মাত্রা পেল।
Choiti Saha 















