লেবানন ও ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্যের মাঝেই এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের “যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র” এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, একমাত্র যুক্তরাষ্ট্রই নয়, বরং ভারতের মতো আরও কয়েকটি দেশের শক্তিশালী সমর্থনও ইসরায়েলের পাশে রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে (Fox News) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “বিশ্বে আমাদের আরও কিছু বন্ধু আছে। যেমন—ভারত নামের ছোট (!) একটা দেশ। যাদের জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, এবং সেখানে আমরা অসাধারণ সমর্থন পাই।”
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান এবং ইরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে মনে করিয়ে দেন যে, দেশটির প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রের প্রায় দুই-তৃতীয়াংশই মার্কিন করদাতাদের অর্থে সরবরাহ করা হয়েছে।
ভ্যান্সের এই মন্তব্যের জবাবে নেতানিয়াহু বলেন, “জেডি ভ্যান্সের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তার সব বক্তব্যের সঙ্গে আমি একমত—এমনটি নয়।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্ব তৈরি হওয়ার ধারণাও উড়িয়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ট্রাম্পকে তিনি ‘হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু’ বলে উল্লেখ করেন।
ইরানের সঙ্গে হওয়া শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়ে জেডি ভ্যান্স জানান, কয়েক মাসের সংঘাতের অবসান এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি আবার খুলে দিতেই ট্রাম্প প্রশাসন এই চুক্তি করেছে। কিন্তু কূটনৈতিক অগ্রগতির পরপরই বৈরুতের বেসামরিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ভ্যান্স কড়া ভাষায় বলেন, “আমরা যখন বড় ধরনের চুক্তির কাছাকাছি পৌঁছে যাই, তখনই বৈরুতে বড় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত নন এমন অনেক সাধারণ মানুষ প্রাণ হারান। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চুক্তির শর্ত উভয় পক্ষকেই মেনে চলতে হবে।” মার্কিন প্রশাসনের এমন সমালোচনার বিপরীতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতির পক্ষে সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, লেবাননের খ্রিষ্টান অধ্যুষিত কয়েকটি গ্রাম নিজেই ‘ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে’, কারণ ইসরায়েলি বাহিনী তাদের হিজবুল্লাহর হাত থেকে রক্ষা করছে।
সাক্ষাৎকারের শেষে নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি শান্তি চান, তাহলে যারা আপনাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার সক্ষমতাও আপনার থাকতে হবে।”
Choiti Saha 















